সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৩০ পিএম

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন।

চেক প্রদান উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে। বিআরটিএ’র আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। দুর্ঘটনায় নিহতদের পাঁচটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। চেকপ্রাপ্ত নিহত পরিবারের সদস্যরা হলেন- মো. আল আমিন, মো. আজাদ হোসেন, মো. আজাদ হোসেন, মোছা. সাজেদা আক্তার এবং রিক্তা রানী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলি আহসান মিলন ও মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা মোটর মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান, পঞ্চগড় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনেরা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় গত পাঁচ মাসে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত হন। পরে নিহতের পরিবার বিআরটিএ অফিসে আর্থিক সহায়তার আবেদন করেন। তাঁদের আবেদনের ভিত্তিতে আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে আবেদনগুলো মঞ্জুর হয়।

এ ছাড়া সম্প্রতি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের এক কোটি ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় নিহতদের ব্যাপারে সব সময় সহযোগিতা করে আসছে। তাঁদের খোঁজখবর নেওয়া হয়। সড়ক দুর্ঘটনা মোটেও কাম্য নয়। তবে পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতার জন্য এই টাকা দেওয়া হয়েছে।

জেএইচআর