চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলামসহ (৩৭) ৩ ব্যক্তিকে চাঁদাবাজির মামলায় ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার পৃথক ধারায় আসামিদের আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। রোববার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো. কামাল হোসাইন এই রায় ঘোষণা করেন। মামলায় কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার মো. সোহেল সরকার ও মো. মাসুম সরকার। তাঁদের সবার বাড়ি মতলব দক্ষিণ উপজেলা সদরে। সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় কার্ডধারী সংবাদকর্মী ছিলেন। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সতর্ক করা হলেও তিনি বেপরোয়া আচরণ করে আসছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ১৬ এপ্রিল ভোররাতে মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া সোলেমানশাহ ফিলিং স্টেশনের সামনে আসামিরা মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের পিকআপ ভ্যানের গতিরোধ করেন। জাহাঙ্গীরের পিকআপে অবৈধ মাছ আছে- এমন অভিযোগ তুলে নিজেদের সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে তাঁরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী জাহাঙ্গীর মতলব উত্তর উপজেলার আমিরাবাদ সওদাগর বাড়ির বাসিন্দা।
এই চাঁদাবাজির ঘটনায় ওই দিনই মতলব উত্তর থানায় জাহাঙ্গীর নিজে বাদী হয়ে তিন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৪ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল। মামলাটি চলমান অবস্থায় আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। নথিপত্র পর্যালোচনা, সাক্ষ্য-প্রমাণ ও আসামিরা অপরাধ স্বীকার করায় বিচারক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মাসুম সরকার আদালতে অনুপস্থিত ছিলেন।
জেএইচআর