ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুসরাত আক্তার ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে। এই বেদনাদায়ক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নুসরাত আক্তার। খেলার একপর্যায়ে উঠানের একটি গর্তের ভেতরে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে স্বজনরা দ্রুত এগিয়ে আসেন। সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে তাঁরা শিশুটিকে উদ্ধার করে রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, সাপ কামড়ানোর পরপরই পরিবারের লোকজন কোনো সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
বর্ষা ও গরমের এই সময়ে সাপের উপদ্রব থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।
জেএইচআর