চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৩:৪১ পিএম

চট্টগ্রামের বানভাসি মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। গত ৩-৪ দিন ধরে ফেনী থেকে এসব সংগঠনের কর্মীরা বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। আগামী কয়েকদিনে আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী দল সহায়তা সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ভারী বৃষ্টিপাতের ফলে বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। প্লাবিত বিভিন্ন গ্রামে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে ফেনী থেকে গত তিন দিনে শতাধিক সংগঠন একযোগে কাজ করেছে।

ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার, নিরাপদ সড়ক আন্দোলন, টিম আবু তালেব, ফেনী টার্ফ এক্সপ্রেস, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব, পরশুরাম ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব, রাহবার, তারুণ্যের বন্ধন, পরিবর্তন ও এফবিডিএ।

এ ছাড়া গ্রিন ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, লাইফ ফর হিউম্যান ফেনী, মধুয়াই ফাউন্ডেশন, পশ্চিম সুলাখালী যুব সমাজ কল্যাণ সংঘ, একতা সামাজিক সংগঠন, জি.ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন, ফুলগাজীর মুন্সিরহাট যুব শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন, ইলা মিত্র যুব মহিলা সমাজ কল্যাণ সংস্থা, রিভার ডেল্টা ডি এক্স ক্লাব ফেনী, উম্মাহ ব্লাড ডোনেশন ক্লাব, হিউম্যানিটি ইজ লাইফ, ফাজিলপুর সাতবাড়িয়া মানবিক ফাউন্ডেশন, আল ইনসান ফাউন্ডেশন, ফেনী জেলা ছাত্র ফোরাম, অগ্রণী ব্লাড ফাউন্ডেশন, মানব সেবা সংস্থা এবং ফেনী ওয়েলফেয়ার ব্লাড ফাইটার্সসহ আরও বিভিন্ন সংগঠন মাঠপর্যায়ে কাজ করছে।

ফেনী শহরের পুরাতন জেল রোডে বড় পর্দায় (এলইডি স্ক্রিন) ফিফা বিশ্বকাপ খেলা চলাকালীন দর্শকদের কাছ থেকে বন্যার্তদের জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তা সংগ্রহ করা হয়। পাশাপাশি দুই শতাধিক প্যাকেট নিয়ে আজ সোমবার (১৩ জুলাই) ‘আমরা যুবকরা চাই পরিবর্তন’, ‘সচেতন বাংলাদেশ’ ও ‘টুগেদার ফর চেঞ্জ’ নামে তিনটি ভিন্ন সামাজিক সংগঠনসহ বেশ কিছু দল নতুন করে ত্রাণ নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠক নিশাদ আদনান জানান, তাঁদের স্বেচ্ছাসেবক পরিবারের অধীনে থাকা ৩৫টি সংগঠন ইতিমধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। আগামী কয়েকদিনে আরও কিছু দল দুর্গত এলাকায় যাবে। এর বাইরেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে আরও অনেক সংগঠন গেছে, সব মিলিয়ে এই সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে। বন্যার্তদের জন্য পাঠানো এই ত্রাণের তালিকায় মানুষের জন্য শুকনো খাবারের পাশাপাশি বিপুল পরিমাণ পশুখাদ্যও যুক্ত করা হয়েছে।

জেএইচআর