রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করে এটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এর অস্তিত্বও সংকটের মুখে পড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল চিড়িয়াখানা পরিদর্শন করবে এবং তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, রাজশাহীতে একটি আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ (মিট প্রসেসিং) সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাত করার লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষিঋণ মওকুফ এবং ইমামদের সম্মানী প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর