দেশের দক্ষিণাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি স্ত্রীর সাথে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন।
রোববার সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত ‘জুলাই পথসভা’ শেষে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি স্ত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এর ধিক্কার জানাই। দেশের মানুষ এখন বন্যার পানিতে ভেসে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে।”
বক্তব্যে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও এখনো তার বিচার সম্পন্ন হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করে তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার কার্যক্রম এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনের আগে একটি দলের রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর জনগণের পাশে নেই। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না এবং কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজপথে নেমেছিল। আমরা চেয়েছিলাম সংস্কারের মাধ্যমে দেশে একটি উন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন পুলিশ বিভাগ গড়ে উঠুক। কিন্তু দুঃখের বিষয়, আজ কোনো বিভাগই স্বাধীন নেই।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পথসভার শুরুতে আকস্মিক বন্যায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এএন