গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।
সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
নবাগত ইউএনও জানান, জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী। এ ছাড়া আরও বক্তব্য দেন তথ্য ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, লিয়াকত হোসেন লায়ন, হোসেন রানা, আলমাছ হোসেন আওয়াল এবং রুবেল মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, ফিরুজ শাহ, সৈয়দ এনামুর রকিব, রহিমা সুলতানা মুকুল, মশিউর রহমান টুটুল ও রফিকুল ইসলাম রঞ্জুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় নবাগত নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন। সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনও শাহ মো. জুবায়ের সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান।
জেএইচআর