খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর সার্বিক সহযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকারসহ ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু পরিবার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই জরুরি ভিত্তিতে এই খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকার মানুষ সাময়িকভাবে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে কিছুটা বিপাকে পড়েছেন। দুর্যোগের এই কঠিন সময়ে সরকার এবং উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছে।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সার্বিক সহযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন একযোগে কাজ করছে। কোনো পরিবার যেন খাদ্যকষ্টে না ভোগে, তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেএইচআর