খোকসায় গড়াই প্রতিরক্ষা বাঁধে ধস, রাস্তা সংস্কারে উদ্যোগ

মিলন, খোকসা (কুষ্টিয়া) প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৫ পিএম

কুষ্টিয়ার খোকসা বাজার রক্ষায় ২০২৩ সালে নির্মিত গড়াই নদীর প্রতিরক্ষা বাঁধের একটি অংশে ধস দেখা দেওয়ায় বাজার ও সংলগ্ন কালীবাড়ি এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার বিষয়টি জানতে পেরে খোকসার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পৌর মেয়র প্রার্থী মো. রিপন হোসেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক, খোকসা উপজেলা ও পৌর প্রশাসন এবং সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা ও পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এদিকে একই দিন খোকসা বাজারের প্রধান সড়কের হাসপাতাল গেটসংলগ্ন এলাকায় বৃষ্টির কারণে সৃষ্ট বড় বড় খানাখন্দে জনদুর্ভোগ কমাতে সুরকি ও বালি ফেলে সাময়িক সংস্কারকাজ পরিচালনা করা হয়। এ সময় মো. রিপন হোসেন উপস্থিত থেকে সংস্কারকাজ তদারকি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিরক্ষা বাঁধে ধস এবং প্রধান সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত স্থায়ী সংস্কার এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এএন