পাথরঘাটায় ট্রলার ডুবে নিখোঁজ জাহাঙ্গীর, চলছে উদ্ধার অভিযান

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)  প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৩:২৩ পিএম

বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণের কাজে যাওয়ার পথে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইসসংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহাঙ্গীর একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।

ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, বন বিভাগের চারা রোপণের কাজে অংশ নিতে আটজন শ্রমিক পদ্মা স্লুইস এলাকা থেকে ট্রলারে রওনা দেন। মাছের খাল এলাকায় পৌঁছানোর পর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে নদীতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তের মধ্যেই ট্রলারটি উল্টে যায়।

তিনি বলেন, ট্রলার ডুবে যাওয়ার পর সবাই নদীতে পড়ে যান। প্রাণ বাঁচাতে তারা সেখানে থাকা গোপজালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন। একপর্যায়ে জাহাঙ্গীরকে দেখা গেলেও পরে ঢেউয়ের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার এসে অন্য শ্রমিকদের উদ্ধার করে।

ঘটনার পর স্থানীয়রা আট থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। পাশাপাশি বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাঙ্গীরের কোনো সন্ধান মেলেনি।

পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়। পরে তিনি বন বিভাগের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

তিনি আরও জানান, জাহাঙ্গীর সদর ইউনিয়নের চরলাঠিমারা ইউনিটের নিয়মিত শ্রমিক ছিলেন। তিনি অত্যন্ত সহজ-সরল স্বভাবের মানুষ ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সাঁতারে খুব বেশি দক্ষ ছিলেন না।

নিখোঁজ শ্রমিককে উদ্ধারে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।

এম জি