নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কথিত নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেকোনো মূল্যে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করা হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
এম জি