পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:৩৭ পিএম

নেত্রকোণার পূর্বধলায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাটে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে নেত্রকোণাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ে আটকে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও তার সহকারীকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন