মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যারা হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আমরা বীর শহীদ আবু সাঈদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মত্যাগসহ জুলাইয়ের শহীদদের অবদানে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। যারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন, তাদের উদ্দেশে বলতে চাই-জুলাই আমাদের অন্তরে, জুলাই আমাদের শ্রদ্ধার প্রতীক। এই জুলাই জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। আমাদের সবার উচিত জুলাইয়ের চেতনাকে ধারণ করা।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খান, ইসমাইল হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এম জি