ফেনীতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাগরিবের নামাজের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে সন্তানদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, কিশোর অপরাধের প্রবণতা বৃদ্ধি, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত চলাফেরা নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে শুক্রবার (১৭ জুলাই) থেকেই জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং শুরু হয়েছে। পাশাপাশি নির্দেশনা কার্যকর করতে জেলা প্রশাসনের বিশেষ তদারকি দল ও পুলিশ মাঠপর্যায়ে কাজ করবে।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার বাইরে মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে সময় কাটাচ্ছে। এর মধ্যে অনেকে পরবর্তী সময়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এসব বিষয় বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থীরা বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- এমন কোনো বিষয় নেই। মূল উদ্দেশ্য হলো কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করা, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের রাতের অপ্রয়োজনীয় ঘোরাফেরা থেকে নিরুৎসাহিত করা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগ সফল করতে অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিশোর অপরাধ কমানো এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে আশা করছে জেলা প্রশাসন।
এএন