টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, অতীতে সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছিল, তবে এবার কেউ সিন্ডিকেট করতে পারেনি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির নেতা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এনামুল হক এনাম বলেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বাইরে রাখা হবে না। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সংসদ সদস্য আরও বলেন, ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কার্যক্রম অব্যাহত থাকবে এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, শফিকুল আলম, মঈনুল আলম ছোটন, দক্ষিণ জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান, বিএনপি নেতা সাইফুদ্দীন আহমদ, সাবেক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, ইউসুফ রশিদী বেলাল, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী (পিবলু) এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে শোভনদণ্ডী ইউনিয়নের কালিয়াইশ, হিলচিয়া, হাওয়াখানা ও আরাফা করিম স্কুল প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ কার্যক্রমে আলহাজ মরহুম আহমদ শফি সওদাগরের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ জেলা বিএনপির নেতা মোরশেদ শফি হিরু এবং আলহাজ মাহফুজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজুর রহমান যৌথভাবে সহযোগিতা করেন।
এম জি