পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সবুজায়নের মাধ্যমে বাংলাদেশকে পরিবেশবান্ধব ও সমৃদ্ধ দেশে পরিণত করার যে ভিশন দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মতিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. লোকমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুশা, থানা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালেহউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী রবিউজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শেফালী বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং দেশের সবুজায়ন নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণের আহ্বান জানানো হয়।
কর্মসূচি শেষে উপস্থিতদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে দৌলতপুর সরকারি পিএস উচ্চবিদ্যালয় মাঠে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির একটি গাছের চারা রোপণ করেন। এ সময় দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এম জি