জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায়ের আলোকে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের কর্মসূচিতে যেতে বাধ্য হবে তারা।
শনিবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সঙ্গে কাজের মিল নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। গণভোটে জুলাই সনদের পক্ষে জনগণ রায় দেওয়ার পরও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ বলা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আমরা এখনো হরতাল, অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করিনি। তবে প্রয়োজন হলে এ ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। আমরা এমন পরিস্থিতি চাইনি, কিন্তু সরকার ও প্রধানমন্ত্রী পরিস্থিতিকে সেদিকেই ঠেলে দিচ্ছেন।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন। কিন্তু জনগণ এখন কথার সঙ্গে কাজের মিল দেখতে চায়। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, এর অর্থ এই নয় যে জনগণের সঙ্গে ছলনা করা যাবে।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপরীত পথে হাঁটছে। মূলত তারা জনগণের জন্য নয়, ক্ষমতা ও নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করেছে।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর বিএনপি এখন সংবিধান সংস্কার কমিশনের কথা বলছে না, ৩১ দফার কথাও বলছে না। সংবিধান সংশোধনের নামে কোনো প্রহসন দেশের মানুষ মেনে নেবে না।
বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। এরই মধ্যে পাঁচ মাস পার হয়েছে। কিন্তু কতগুলো কর্মসংস্থান হয়েছে, কতজন চাকরি পেয়েছে-তার হিসাব দিতে হবে।
তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়নি, বরং চাঁদাবাজির সুযোগ তৈরি হয়েছে। ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের কার্ড হয়েছে, দলের লোকজনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।
এম জি