‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৭:৩৯ এএম

খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিএনপিকে জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। তার ভাষায়, অতীতে যেভাবে একটি সরকারকে জনগণ ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছিল, একইভাবে প্রয়োজন হলে বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে।

শনিবার বিকেলে কুষ্টিয়া শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক অভিযোগ করেন, জুলাই সনদ স্বাক্ষরের সময় বিএনপি ও অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি অন্যান্য রাজনৈতিক দলকে না জানিয়ে গোপনে একটি ধারা সংযোজন করেছেন। তার দাবি, বিষয়টি রাজনৈতিক অঙ্গনে প্রতারণার শামিল।

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল অনুসরণ করছে, যা দলটির জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়। জনগণের এই রায় কার্যকরে কোনো ধরনের গড়িমসি বা অবহেলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে খেলাফত মজলিশের এই নেতা বলেন, আন্দোলনের সূচনা হয়েছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে এবং তা পরিণতি পেয়েছিল জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। তার দাবি, বিএনপি সেই আন্দোলনের অংশীদার হলেও বর্তমানে জুলাই সনদ ও গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও গণআন্দোলন গড়ে উঠতে পারে এবং এমন পরিস্থিতিতে বিএনপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং যুব মজলিশের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফসহ অন্যান্য নেতারা।

এএন