বিজয়নগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় নিহত জেলে

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১১:১৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেঙ্গার বিলে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় আলী আহমেদ (৫৬) নামে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের চর রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আহমেদ চর ইসলামপুর এলাকার ওলফত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ছেলে‌কে সঙ্গে নিয়ে চেঙ্গার বিলে মাছ ধরছিলেন আলী আহমেদ। এ সময় পাশের মাশাউড়া ও চাওড়াখোলা এলাকা থেকে তিনটি নৌকায় করে একদল ডাকাত মাছ ধরার জাল ও নৌকা লুটের উদ্দেশ্যে সেখানে আসে। আলী আহমেদ ও তাঁর ছেলে টর্চলাইট জ্বালালে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে ডাকাতরা আলী আহমেদকে বেধড়ক মারধর করে পানিতে ফেলে দেয়। পরে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাঁর মরদেহ পানিতে ভেসে উঠতে দেখা যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম জি