শহীদ ইমনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১২:১২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ইমন মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৮ জুলাই) সকালে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামে শহীদ ইমন মিয়ার কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন কারানির্যাতিত পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত পরিচালক মো. সাইদুর রহমান হুমায়ুনসহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে নেতারা শহীদ ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় বিএনপি নেতা মো. সাইদুর রহমান হুমায়ুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের এবং এ দেশের গর্ব। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদ ইমন মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড় এলাকায় পুলিশের গুলিতে ইমন মিয়া নিহত হন। শনিবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়।

এম জি