যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) চৌগাছা থানা পুলিশ জানায়, রোববার দুপুর ২টা ২০ মিনিটে থানার উপপরিদর্শক হোসেন পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বেড় গোবিন্দপুর গ্রামের একটি পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে নাইম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার দখল থেকে ১২ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া নাইম হোসেন উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নাইম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এম জি