কুড়িগ্রাম জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় চারতলা বিশিষ্ট একটি আধুনিক মার্কেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বর সংলগ্ন জেলা পরিষদের নিজস্ব জায়গায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, আধুনিক এই মার্কেটটি নির্মিত হলে শহরের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে। এটি জেলা পরিষদের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি উন্নত ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় ২৩ কোটি ৫০ লাখ টাকা সেলামি মূল্যে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এই আধুনিক মার্কেট ভবনটি নির্মাণ করবে।
বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ।
এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব এবং জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজানসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
জেএইচআর