কর্ণফুলীতে ফ্যামিলি কার্ড শুমারি শুরু ১ আগস্ট, তথ্য সংগ্রহকারী নিয়োগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:২৬ পিএম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রমে নারী ও পুরুষ উভয়েই তথ্য সংগ্রহকারী হিসেবে অংশ নিতে পারবেন।

কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা প্রতিদিন ৮ ঘণ্টা করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাঁদের কার্যক্রম তদারকিতে থাকবেন সুপারভাইজাররা। এ ছাড়া শুমারি কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকেরাও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী জানান, ফ্যামিলি কার্ড শুমারির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তথ্যভান্ডার হালনাগাদ করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারীরা প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালনে আগ্রহীদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম কর্ণফুলীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফল করতে সবাই যেন সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করেন। জনগণের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই প্রকৃত উপকারভোগীদের তথ্যভান্ডার হালনাগাদ করা সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

জেএইচআর