সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা বন্ধ, রোগীদের ভোগান্তি

ইয়ামিন হাসান, সাঘাটা প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৩:২৩ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সেবা কার্যত বন্ধ রয়েছে। চিকিৎসক ছুটিতে থাকা, ডেন্টাল টেকনোলজিস্টকে অন্য উপজেলায় প্রেষণে পাঠানো এবং ডেন্টাল ইউনিট অকার্যকর হয়ে পড়ার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় রোগীরা। বাধ্য হয়ে অনেক রোগী কবিরাজ ও ঝাড়ফুঁকের মতো কুসংস্কারনির্ভর চিকিৎসার শরণাপন্ন হচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল কক্ষটি বর্তমানে অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। চরাঞ্চল ও দূর-দূরান্ত থেকে দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে এসে প্রতিদিন অনেক রোগী সেবা না পেয়ে ক্ষোভ ও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন।

উপজেলার ভরতখালী চরাঞ্চলের বাসিন্দা মো. আব্দুল মালেক (৫৮) জানান, তিনি তিন দিন ধরে দাঁতের তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে এসে চিকিৎসকের দেখা পাননি। বাধ্য হয়ে গ্রামের এক কবিরাজের কাছে গেলেও কোনো সুফল পাননি। টেংরাকান্দি গ্রাম থেকে আসা রোকসানা বেগম (৩৬) জানান, নদী পার হয়ে ছোট ছেলেকে নিয়ে হাসপাতালে এলেও চিকিৎসা না পেয়ে তাদের খালি হাতে ফিরতে হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাঘাটা ও পাশের ফুলছড়ি উপজেলার একটি বড় অংশের মানুষ ভৌগোলিক কারণে এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। বিশেষ করে দরিদ্র চরাঞ্চলবাসীর পক্ষে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। ফলে সরকারি সেবা বন্ধ থাকায় তারা অসাধু চিকিৎসা ও কুসংস্কারের শিকার হচ্ছেন। স্বাস্থ্যসচেতনদের মতে, অবৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতি রোগীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে পদায়নকৃত একমাত্র বিডিএস চিকিৎসক শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘমেয়াদি ছুটিতে রয়েছেন। আর একমাত্র ডেন্টাল টেকনোলজিস্টকে প্রেষণে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার উদাখালী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। অন্যদিকে, ডেন্টাল রুম ও ব্যবহৃত সরঞ্জামাদি সেবা দেওয়ার উপযোগী না থাকায় কক্ষটি বর্তমানে শিশু স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. ইলতুতমিশ আকন্দ পিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চিকিৎসক অসুস্থতার কারণে ছুটিতে আছেন এবং তাঁর ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে। তবে টেকনোলজিস্টের প্রেষণ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। পাশাপাশি বিষয়টি দ্রুত সিভিল সার্জনকে জানিয়ে সেবা চালুর চেষ্টা করা হচ্ছে।

এলাকাবাসী অবিলম্বে ডেন্টাল টেকনোলজিস্টকে মূল কর্মস্থলে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সরঞ্জাম বরাদ্দ দিয়ে ডেন্টাল সেবা পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছেন।

এএন