দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার চার্জশিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঘোড়াঘাট থানার সামনে পুরাতন বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, মামলার তদন্তে প্রকৃত অভিযুক্তদের আড়াল করে পদধারী আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বাদ দিয়ে মনগড়া ও বিতর্কিত চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। তারা চার্জশিট পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তদন্তে অবহেলা, পক্ষপাতমূলক আচরণ ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তাদের ভাষ্য, ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলাটি দায়ের হওয়ার পর তিনি থানায় যোগদান করেন। তবে তদন্তকারী কর্মকর্তাকে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।
মানববন্ধনে উত্থাপিত অভিযোগ সম্পর্কে ওসি শহিদুল ইসলাম বলেন, এসব অভিযোগের সঙ্গে তিনি একমত নন। তার দাবি, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুযায়ীই চার্জশিট দেওয়া হয়েছে এবং অভিযোগগুলো ভিত্তিহীন।
এম জি