দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:১৮ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় ভোলার চরফ্যাশন উপজেলার কোস্ট গার্ড আউটপোস্ট চর মানিকায় একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় ২৬৫ জন দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এম জি