নবাবগঞ্জে প্রায় ৩০০ গাছ কেটে ফেলার অভিযোগ, তদন্তে পুলিশ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:১২ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বাগানের প্রায় ৩০০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য দুলাল মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী বাগান মালিক মাজেদ জানান, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার বাগানের মূল্যবান গাছগুলো রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নবাবগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, একসঙ্গে এত বিপুল সংখ্যক গাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এম জি