প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে বান্দরবান জেলা কৃষকদলের পক্ষ থেকে বান্দরবান-রাঙামাটি সড়কে বৃক্ষরোপণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুক্রবার এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। একই সঙ্গে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানানো হয়।
বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াসিন উল হক রিপন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। পরিবেশ রক্ষার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী মেহেদী, বান্দরবান সদর উপজেলা আহ্বায়ক আলমগীর সুমন এবং উপজেলা সদস্যসচিব কামাল উদ্দিন।
এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় কৃষক এবং সাধারণ মানুষ এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এএন