মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১২:২৯ পিএম

মানিকগঞ্জ সদর ও ঘিওরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর ও বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের জাহাব আলীর ছেলে শুক্কুর আলী (৫৫) এবং ঘিওর উপজেলার ধুলন্ডি গ্রামের পলাশ মিয়ার ছেলে মো. সাঈম (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতব্বর এবং ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।

সংশ্লিষ্ট থানা ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানচালক শুক্কুর আলী নিহত হন। তিনি রিকশাভ্যানে আম বিক্রি করতেন। পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে।

এছাড়া বিকেলে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রিজ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাঈম ও মিঠু।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাঈমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

এএন