কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহিত করতে ‘মো. জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত শিমুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৯৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪৮ জন পরীক্ষকের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি শ্রেণির উত্তরপত্র পৃথকভাবে মূল্যায়ন করা হবে। পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার ৫০০ টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেককে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে গ্রহণ করা উচিত।”
পরিদর্শনকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জুনায়েদ ভূঁইয়া মোহন, স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং একটি প্রতিযোগিতামূলক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এম জি