খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে কারিতাস বাংলাদেশ। কারিগরি সহায়তা দিচ্ছে স্টার্ট ফান্ড বাংলাদেশ। আর্থিক সহায়তা দিয়েছে ইউকে এইড, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড, জার্সি সরকারের অলাভজনক অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠান এবং কনরাড এন. হিলটন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞানের সভাপতিত্বে এবং জাবারাং কল্যাণ সমিতির টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা এবং দীঘিনালা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. মনোয়ারা বেগম।
আলোচনা সভা শেষে কবাখালী ইউনিয়নে জাবারাং কল্যাণ সমিতির তথ্যসংগ্রহকারীদের মোবাইল অ্যাপের মাধ্যমে যাচাইকৃত ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শর্তহীনভাবে জনপ্রতি ৮ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ ছাড়া প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ হিসেবে ২০ লিটারের একটি বালতি, একটি মগ, দুটি গোসলের সাবান, ২ কেজি ডিটারজেন্ট, ১০ প্যাকেট খাবার স্যালাইন, ৬ লিটার বিশুদ্ধ পানি, একটি নখ কাটার এবং নারীদের জন্য ১০টি স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এম জি