চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই

এমরান হোসেন রাজন, চাঁদপুর প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০২:৫১ পিএম

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকেই দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে এবং তাঁর বাসভবনে ছুটে যান।

তাঁর এই প্রয়াণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতারা বলেন, মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি একজন পরীক্ষিত, বিশ্বস্ত ও অভিজ্ঞ অভিভাবককে হারালো। দলের দুঃসময়ে তাঁর দৃঢ় নেতৃত্ব ও ত্যাগ চাঁদপুরের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ জানান, পারিবারিক ও দলীয় যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জেএইচআর