দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান ও পর্যটন মন্ত্রী

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৫:০৩ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, “আমাদের সবার আগে দেশপ্রেম থাকতে হবে। একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না।”

রোববার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা খানম রিতা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়। বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের সাথে আপস না করে সততা নিয়ে চলতে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান শেখাচ্ছেন সামাজিক ও মানবিক দেশ গড়ার পাশাপাশি জনবান্ধব সরকার গঠনের জন্য কাজ করতে।

মন্ত্রী বলেন, এই তিনটি শিক্ষা নিয়ে চললে শিক্ষার্থীরা জীবন চলার পথে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এতে ব্যক্তিগত জীবনের পাশাপাশি দেশও সুন্দর হবে। দেশ ভালোভাবে না চললে জীবনও ভালোভাবে গড়া যায় না। এ জন্য তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। একই সাথে শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান জামিলুর রশিদ খান ও পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এ ছাড়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে মন্ত্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও জুলাই স্মৃতি কর্নারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

জেএইচআর