আরএমপি কমিশনারের সঙ্গে আরটিজেএ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৫:০৫ পিএম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় আরটিজেএ নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা বর্তমান মহানগর পুলিশের বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

সাংবাদিক নেতারা মহানগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধ, উপশহর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ, টহল পুলিশ বৃদ্ধি ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া নিবন্ধনবিহীন ওয়েবসাইট বন্ধে সাইবার ইউনিটের কার্যক্রম জোরদার, পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ক্রীড়া আয়োজন, পরিবর্তিত মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জননিরাপত্তা ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, আলোচিত অনেক বিষয় শুধু পুলিশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সেবা সংস্থা ও অন্যান্য স্টেকহোল্ডারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত ও টেকসই সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে পুলিশের আওতাধীন বিষয়গুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ কমিশনার আরও বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান। সভায় আরটিজেএ-এর অন্যান্য নেতৃবৃন্দও অংশ নেন।

জেএইচআর