পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‌্যালি

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৭:২৬ পিএম

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলার সব সরকারি দপ্তরে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ‘সকলে সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করব, বাসযোগ্য ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ব’ স্লোগানসংবলিত ব্যানার, টি-শার্ট ও টুপি পরে অংশগ্রহণকারীরা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও অতিথিরা পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে জেলার সব উপজেলা, পৌরসভা ও সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এ সময় ছাদ, আঙিনা, ড্রেন, বাগান, জলাধার ও অব্যবহৃত স্থান থেকে আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি টায়ার, ফুলের টব ও বিভিন্ন পানির পাত্রে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এজন্য তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

জেলা প্রশাসন জানায়, এটি কেবল একদিনের কর্মসূচি নয়। প্রতি সপ্তাহে প্রতিটি সরকারি দপ্তরকে নিজ নিজ কার্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসা, বাজার এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জমে থাকা পানি অপসারণই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও জেলা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেছেন।

এম জি