শাহজাদপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:০৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা-পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মো. জামাত প্রামাণিকের ছেলে মো. মনিরুল ইসলাম (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে মো. রায়হান হোসেন (২৪) এবং মো. দুলাল হোসেনের ছেলে মো. বেল্লাল হোসেন (৩০)।

উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে একটি কালো রঙের ১৫০ সিসি (এক ডিস্ক) পালসার, একটি লাল রঙের ১৫০ সিসি (এক ডিস্ক) পালসার, একটি কালো রঙের ১৫০ সিসি (দুই ডিস্ক) পালসার, একটি ১৫০ সিসির সুজুকি জিক্সার এবং একটি লাল রঙের ১০০ সিসির প্লাটিনা মোটরসাইকেল।

গ্রেপ্তার ব্যক্তিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।

এম জি