অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক শাহাদাৎ হোসেন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:৩১ পিএম

জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আবারও মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

দীর্ঘদিন ধরে শিক্ষা, কর্মসংস্থান এবং বিভিন্ন মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ইতোমধ্যেই জেলার বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেন সহায়তাপ্রাপ্ত পরিবার ও স্থানীয়রা।

অনুষ্ঠানে ঝালকাঠি কালীবাড়ি সড়কের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সংকর স্টোরের মালিক, শারীরিকভাবে অসুস্থ ঝালকাঠি পৌর বিএনপির সহসভাপতি ফারুক সরদারসহ আরও চারজনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

এ সময় অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, জেলা পরিষদ সবসময় অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি। এর আগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তাসহ অসংখ্য জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা গ্রহণকারীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুর্দিনে এ ধরনের সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম জি