পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সড়কের পাশে দৃষ্টিনন্দন চেরি ফুলের চারা রোপণ করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ সুপারের সরকারি বাসভবন থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কের উভয় পাশে এই চেরি ফুলের চারাগুলো রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. তারিফুর রহমান সরকার, বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কর্মসূচি থেকে জানানো হয়, এই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার পাশাপাশি শহরের নান্দনিক সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে।
ভবিষ্যতে ফুল ফোটার মৌসুমে পুলিশ সুপারের বাসভবন থেকে সার্কিট হাউস পর্যন্ত পুরো সড়কটি চেরি ফুলের মনোমুগ্ধকর শোভায় সুশোভিত হয়ে উঠবে। গোলাপি ও সাদা চেরি ফুলের এই অপরূপ দৃশ্য পথচারীদের নির্মল প্রশান্তি জোগাবে এবং পুরো দিনাজপুরে সৌন্দর্য ও পরিবেশবান্ধবতার এক নতুন মাত্রা যোগ করবে।
এএন