বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে হত্যাচেষ্টা মামলায় এক আসামি কারাগারে

রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০২ পিএম

রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিমকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি সুরুজ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ (এমএম-৫) আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. আশিকুর রহমান সুরুজ আলীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বরেন্দ্র প্রেস ক্লাবে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি এবং ক্লাবের সভাপতির ওপর হামলার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলার (মামলা নং-০৬, তারিখ: ৮ মার্চ ২০২৬) তদন্ত শেষে সম্প্রতি পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ মার্চ ২০২৬ রাতে নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেস ক্লাবে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে চাঁদা দাবি করে। এতে রেজাউল করিম বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে তার শরীরে ১৩টি সেলাই দিতে হয়।

এ ঘটনায় বরেন্দ্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশের অভিযোগপত্র দাখিলের পর আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত সুরুজ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।

এম জি