সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী অভিযোগ করেছেন, অসৎ ব্যক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানানোয় একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি তিনি মারা গেছেন বলেও গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন সমিতির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির চৌধুরী বলেন, আমি শুধু বলেছিলাম, কোনো অসৎ লোককে ভোট দেবেন না। সেই অসৎ লোকেরাই এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমি মারা গেছি বলেও গুজব ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, দিরাই বাজারের সার্বিক উন্নয়নের পাশাপাশি দিরাই-শাল্লা এলাকার প্রতিটি সড়কের উন্নয়ন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংবর্ধনা দেওয়ায় দিরাই বাজার মহাজন সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাজারের সুপেয় পানির সংকট, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগার এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয়সহ বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময়ও বলেছিলাম, অসৎ লোককে ভোট দেবেন না। আজও একই কথা বলছি। শুধু এ কথাটি বলার কারণেই জীবিত থাকা সত্ত্বেও আমার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপরাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম, বাজার সমিতির উপদেষ্টা সুরঞ্জন রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, সাংবাদিক রুদ্র মিজান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাইদুল হোসেন চৌধুরী, বাজার সমিতির সহসভাপতি হান্নান অর রশিদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দীপিকা দাস রুমী। এ সময় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এম জি