তরুণ সমাজকে মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পিরোজপুরে সচেতনতামূলক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র্যাব-৮, বরিশালের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ এবং সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) অপরাধ দমনে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, ইমাম ও ধর্মীয় প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং তরুণদের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা প্রয়োজন। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শিক্ষার্থীদের সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার উপায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে র্যাব-৮-এর পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে ২৪ ঘণ্টা পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সামাজিক অবক্ষয় রোধে র্যাব-৮-এর এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের সচেতনতামূলক সভা আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে র্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এম জি