মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:০১ পিএম

সবাইকে সাথে নিয়ে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু করার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে সাথে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যা ছাড়া মাদক দূর করার বিকল্প কোনো পথ নেই।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, শুধুমাত্র আইনের প্রয়োগ কিংবা শাস্তির মাধ্যমে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এই সামাজিক ব্যাধি দূর করতে সরকারের নেওয়া নতুন পদক্ষেপগুলোর মাধ্যমে দ্রুতই ইতিবাচক ফলাফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি মাদকের ভয়াবহ ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরে জনসচেতনতা বাড়াতে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর