চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির পাশের রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দারা রেললাইনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পাওয়ার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা ও জিআরপি (রেলওয়ে) পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
এই বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জিআরপি ও সদর থানা পুলিশের টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরুর কাজ চলছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। একই সাথে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
জেএইচআর