সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যয় সাশ্রয় ও শতভাগ স্বচ্ছতার এক অনন্য নজির স্থাপন করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। উপজেলার মাখালডাঙ্গা বড় বিল থেকে চিত্রা নদী পর্যন্ত খালের পুনঃখনন কাজ পুরোপুরি সম্পন্ন করার পর, বেঁচে যাওয়া ১৯ লাখ ৭১ হাজার ৯৯৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এই খালের পুনঃখনন প্রকল্পের জন্য মোট ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা বরাদ্দ দেয় সরকার।
বরাদ্দকৃত ওই অর্থ থেকে প্রায় ৮০০ মিটার দীর্ঘ খালের খননকাজ শেষ করতে মোট ৩১ লাখ ৮২ হাজার ১ টাকা ব্যয় হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর অবশিষ্ট অর্থ সরকারি বিধিমালা মেনে কোষাগারে জমা দেওয়া হয়।
প্রকল্পটির সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। তিনি নিজে একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের গুণগত মান ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এতে বর্ষাকালের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষকেরা সহজেই সেচ সুবিধা পাবেন, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন, খালটি পুনঃখননের ফলে স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকেরা দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন। সরকারি অর্থের এমন সাশ্রয়ী ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করায় উপজেলা প্রশাসনের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।
জেএইচআর