প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের সুযোগ পেল বীমা খাতের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়্যাতুল ইসলামের সভাপতিত্বে গত বুধবার (৬ জুলাই) অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম।
জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে চার্টার্ড ইনস্যুরেন্স। এই শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহিত অর্থ প্রতিষ্ঠানটি ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয়ের পাশাপাশি সরকারি বন্ড ও পুঁজিবাজারে বিনিয়োগ করবে।
প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
সর্বশেষ গত ৩১ ডিসেম্বর ২১ সালের মূল্যায়ন প্রতিবেদন অনুসারে কোম্পানিটির লাইফ ফান্ড প্রায় ৩৫ কোটি ২২ লাখ টাকা। এছাড়া
প্রতিষ্ঠানটির মোট উদ্বৃত্ত ৪ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের জন্য উদ্বৃত্ত রয়েছে ৪৫ লাখ টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
উল্লেখ্য, বীমা খাতের কোম্পানিকে আইপিওভুক্ত হওয়ার আইনি বাধ্যবাধকতা থাকায় প্রতিষ্ঠানটিকে বিএসইসি’র পাবলিক ইস্যু রুলের ৩(২)(পি) ধারা থেকে অব্যহতি দিয়ে এই অনুমোদন দেয়া হয়।
আমারসংবাদ/টিএইচ