বাংলাদেশে সম্ভাবনাময় একাধিক খাতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০১:২৭ পিএম

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস, সামুদ্রিক অবকাঠামোসহ একাধিক সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই দেশ পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়নে বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এছাড়া পিপিপি কর্তৃপক্ষ, বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডার পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে সৌদি প্রতিনিধি দল বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের উদ্যোগের প্রশংসা করে। সৌদি উপমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সৌদি আরবের নিজস্ব অর্থনৈতিক রূপান্তর কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, সৌদি আরব বর্তমানে বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা পরিচালনায় আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী সৌদি সরকার।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে পরিচালনাকারী রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সৌদি উপমন্ত্রী জানান, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রমে নিয়োজিত কর্মীদের ৯৮ শতাংশের বেশি বাংলাদেশি। দক্ষ জনবল তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টার্মিনাল ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও বিনিয়োগের সুযোগ খুঁজছে আরএসজিটি।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত চিহ্নিত হয়েছে, যেখানে সৌদি আরবের বিনিয়োগ আগ্রহ এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, কোল্ড স্টোরেজ, বন্দর অবকাঠামো এবং আর্থিক সেবা খাতে যৌথভাবে কাজ করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, বিডা ইতোমধ্যে একাধিক সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এসব প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরা হচ্ছে, যাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ উদ্যোগগুলো দ্রুত এগিয়ে নেওয়া যায়।

বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভবিষ্যতেও এ ধরনের সংলাপ ও যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও মত দেন তারা।

এএন