নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহার করে নিল বাংলাদেশ ব্যাংক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৬:৫৭ পিএম

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স দেওয়া হয়েছিল, তা প্রত্যহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে এ সিদ্ধান্ত হয়। সভা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসির চূড়ান্ত লাইসেন্স অনুমোদন করা হয়।

তবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার আগেই নগদ ফাইন্যান্স পিএলসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণের আবেদন করে চিঠি পাঠায়। গত ১০ জুলাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানের স্বাক্ষরে ওই চিঠি পাঠানো হয়। এ আবেদন মঙ্গলবারের বোর্ড সভায় গৃহীত হয়েছে।

জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণের পরপরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করেছে নগদ।