বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা লাঘব করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। অনূর্ধ্ব ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। মওকুফকৃত এই ঋণের মোট পরিমাণ ৬০৪ কোটি ৮১ লাখ ৮ হাজার ৬৬৭ টাকা। উল্লেখ্য, সরকার কর্তৃক মওকুফকৃত মোট টাকার প্রায় ৩৯ শতাংশই বাংলাদেশ কৃষি ব্যাংকের।
দীর্ঘদিন ধরে অনাদায়ী থাকা ক্ষুদ্র অঙ্কের কৃষিঋণ কৃষকদের ওপর বড় আর্থিক চাপ তৈরি করছিল। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, মন্দা বাজার পরিস্থিতি এবং নানা সংকটের কারণে অনেক কৃষক নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে পারছিলেন না। ফলে তাঁরা নতুন করে ঋণ গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছিলেন। এই পরিস্থিতি বিবেচনায় সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করে, যা মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষিভিত্তিক বাংলাদেশে মোট বিতরণকৃত কৃষিঋণের ৬৩ শতাংশ এককভাবে বিতরণ করে থাকে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই বিশাল ঋণ মওকুফ কার্যক্রমের মাধ্যমে বিপুলসংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ঋণের দায় থেকে মুক্ত হলেন। এর ফলে তাঁরা আবারও নিয়মিত ব্যাংকিং সেবার আওতায় এসে ভবিষ্যতে কৃষি উৎপাদনের জন্য নতুন করে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মওকুফ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভাগীয়, আঞ্চলিক ও শাখা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করেছেন। কৃষকদের ঋণের বোঝা কমে যাওয়ায় তাঁরা চাষাবাদে নতুন উদ্যমে মনোনিবেশ করতে পারবেন, যা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।
জেএইচআর