প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:৫৬ পিএম

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নর্স স্ট্রাইড’ নামক জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের Department of Agriculture (USDA) এর মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক এই গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ টিমকে আমন্ত্রণ 

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

জেএইচআর