৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

অর্থনৈতিক প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১২:০৭ এএম

২০২১-২২ অর্থবছরের পর প্রথমবারের মতো বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী, বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২৮.৫১ বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। কিন্তু করোনা মহামারির বিধিনিষেধ উঠে যাওয়ার পর আমদানির চাপ বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। ২০২৪ সালের মে মাসে রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারে নেমে এলে বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

তবে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি পেলে রিজার্ভ পুনরায় ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে। টাকার মান ধরে রাখতে আগে ডলার বিক্রি করলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংক উল্টো বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা শুরু করে। ডলারের দরপতন ঠেকাতেই এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়। 

এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এই অর্থবছরে ৩ বিলিয়ন ডলার কিনেছে। এই সফল প্রক্রিয়ার পেছনে সক্রিয় ভূমিকা পালনকারী ব্যক্তিবর্গ হলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সংশ্লিষ্ট নীতি-নির্ধারকগণ। তাদের সুনিপুণ মুদ্রানীতি ও প্রবাসী আয়ের গতিশীলতা দেশের অর্থনীতিকে পুনরায় শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।